আলো সা রা দে শ ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রাজু বিশ্বাস (২৫) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজুর লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত রাজু ওই গ্রামের আক্তার বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার রাতে তখলপুর গ্রামের মকবুল মেম্বার (বর্তমান) ও সাবেক মেম্বার আবদুর রউফের সমর্থকদের মধ্যে মারামারি হয়।
এ সময় মকবুল মেম্বারের সমর্থকদের বিরুদ্ধে সাবেক মেম্বার আবদুর রউফকে মারধরের অভিযোগ ওঠে। পরে উভয়পক্ষের সমর্থকরা বাড়িঘর ভাঙচুর চালায়। এর জের ধরে গত সোমবার সন্ধ্যায় প্রতিপক্ষের সমর্থকদের হামলায় মারাত্মক আহত হন রাজু বিশ্বাস (২২)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজুর বাবা ও মকবুল মেম্বারের সমর্থক আক্তার বিশ্বাস বলেন, সন্ধ্যায় দলীয় লোকজনের সঙ্গে আমার বাড়ির সামনে বসেছিলাম। এ সময় বিরোধীপক্ষের লোকজন আমাদের ওপর হামলা করলে দৌড়ে বাড়ির মধ্যে চলে যাই।
এ সময় আমার ছেলে ঠেকাতে গেলে তারা তাকে কুড়াল দিয়ে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাচিলাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অবস্থায় খারাপ দেখা গেলে দৌলতদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে সে মারা যায়। শ্রীপুর থানার ওসি শুকদেব রায় বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
