আলো ডেস্ক: রংপুরের হারাগাছে মাদককারবারির ছুরিকাঘাতে মারা গেছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। নিহতের নাম পিয়াররুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট গ্রামে। তিনি হারাগাছ থানায় কর্মরত ছিলেন। গতকাল শনিবার বেলা ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের এই সদস্য। এর আগে গত শুক্রবার রাতে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারীর ছুরিঘাতে বুকে মারাত্মকভাবে জখম হন পিয়ারুল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, গত শুক্রবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেপ্তার করেন এএসআই পিয়ারুল ইসলাম। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে পিয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু এএসআই পিয়ারুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারাত্মক ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্যের শরীরে অস্ত্রোপাচার করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
