রা জ শা হী র আ লোঃ –রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদ এলাকায় আবারও একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরচন্ডি এলাকার স্থানীয় মারুফ হোসেন নামের এক যুবক কৃষি অনুষদের পুকুরে হাত ধুতে গেলে পায়ের নিচে ইটের মত কিছু লাগে। পরে তিনি সেটি উঠিয়ে দেখেন।
মর্টারশেলটি তিনি কৃষি অনুষদের পাশে পুলিশ বক্সে জমা দেন। দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশের বিশেষ টিম এসে মর্টারশেলটি নিষ্ক্রিয় করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, খবরটি শোনার পরিই সহকারী প্রক্টরদের ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তাদের উপস্থিতিতে মর্টারশেলটি ধ্বংস করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত কিছু জায়গায় অনুসন্ধান চালিয়ে এসব বোমা উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। যাতে ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এর আগে শহীদ ড. শামসুজ্জোহা জোহা হলের পাশের পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত মর্টারশেল ও রকেটলাঞ্চার পাওয়া যায়।
