আ লো স্পো র্ট স ডে স্ক : টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন ৫ উইকেটে ২৭৮ রান তুলেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শুরুতে প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন খালেদ আহমেদ। কাইল ভেরেইনেকে বোল্ড করে দেন তিনি। এরপর মুলদার-মহারাজের বড় জুটি ভেঙেছেন তাইজুল।
দক্ষিণ আফ্রিকা ১১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৮২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কেশব মহারাজ ৬১ বলে ৫৫ রান করে খেলছেন। তার সঙ্গী সিমন হারমার। মুলদার ফিরেছেন ৩৩ রান করে। মহারাজের সঙ্গে ৮০ রানের জুটি দিয়েছেন তিনি। এর আগে ভেরেইনে ১৮ রানে ফিরেছেন।
এর আগে প্রথম দিন তিন প্রোটিয়া ব্যাটার সেট হয়ে ৭০ রানের বৃত্তে আটকা পড়েন। ওপেনার ডিন এলগার ৭০ রানে সাজঘরে ফেরেন। ওপেনিং জুটিতে ৫২ রান পান তিনি। তিনে নামা কেগান পিটারসন ফিরে যান ৬৪ রান করে।
চারে নেমে টেম্বা বাভুমা খেলেন ৬৭ রানের ইনিংস। এছাড়া রায়ান রিকেলটনের ব্যাট থেকে প্রোটিয়ারা পায় ৪২ রান। ওপেনার সারেল আরউই ফিরে যাওয়ার আগে ২৪ রান যোগ করে যান। প্রথম দিন বাংলাদেশ দলের পক্ষে তাইজুল ইসলাম তিনটি এবং খালেদ আহমেদ দুই উইকেট নিয়েছিলেন।
