আলো ডেস্ক: ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ মা-বাবার পর মারা গেলো দুই বছরের মেয়ে ফাতেমা আক্তার। মঙ্গলবার সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার চাচা কামাল হোসেন।
বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ভোর পাঁচটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ এপ্রিল) দিনগত রাত ৪টার দিকে স্ত্রী মোছা. খাদিজা আক্তার (২৫) ও ৬টার দিকে স্বামী আব্দুল করিম (৩০) মারা যান।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা কামাল হোসেন জানান, দগ্ধ আব্দুল করিম তার ভাই। এলাকাতেই তার একটি মুদি দোকান রয়েছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে তার ভাবি, ভাই ও দুই বছরের ভাতিজি দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কিন্তু কাউকেই বাঁচানো সম্ভব হলো না।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যুর পর তাদের দুই বছরের শিশু ফাতেমারও মৃত্যু হয়েছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
