আলো ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় ও সম্মানসূচক জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনিয়মিত অনেক দিন ধরেই। বছরের পর বছরের পুরস্কার জমে থাকার পর একসঙ্গে প্রদান করা যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ বুধবার প্রদান করা হচ্ছে ৮ বছরের জমে থাকা পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মোট ৮৫ জন ক্রীড়া ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি উপস্থিত থাকবেন ভার্চুয়ালি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। ২০১৩ থেকে ২০২০ সাল-এই ৮ বছরের জাতীয় পুরস্কারের জন্য ৩৪০ জন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কোচ আবেদন করেছিলেন। বাছাইয়ের পর ৮৫ জনের নাম চ‚ড়ান্ত করা হয়।
পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে দেওয়া হবে স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং সম্মাননাপত্র। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নানা কারণে ক্রীড়া পুরস্কার প্রদান নিয়মিত করা যায়নি। আগামীতে প্রতি বছরের পুরস্কার প্রতি বছরই দেওয়ার চেষ্টা করা হবে। দীর্ঘ ৮ বছরের ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীতের কয়েকজনের বিপক্ষে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয় ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য, এই সবগুলো পুরস্কার আমার আমলে ঘোষণা করা হয়নি। আগে ঘোষণা করা অনেক তালিকাও জমে ছিল। তাই সব তালিকার দায়িত্ব তো আমার না। তাছাড়া বাছাইয়ের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে করা হয়েছে। তালিকা অনুমোদন হয়েছে ক্যাবিনেটে।
