আলো ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) এবং সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে ফজর আলী চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বেলাল হোসেনের মোটরসাইকেল ভাড়া নেন। এরপর তারা দুইজন মোটরসাইকেলে রওয়ানা হন। পথিমধ্যে ওই আঞ্চলিক সড়কটির জামনগর নামকস্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান তারা। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই নিহতদের লাশ তাদের স্বজনরা নিয়ে যায়। তবে ঘাতক অজ্ঞাত পরিবহনকে শনাক্ত করে চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।
