আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর আনসার ক্লাবের সামনে ও একই দিন দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি দুটি ঘটে।
নিহত শিশু হাসান আলী (২) গোহালবাড়ি ইউনিয়নের বীরেশ্বরপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও নিহত বৃদ্ধা মাবিয়া বেগম (৭০) উপজেলার রাধানগর ইউনিয়নের নগর পাড়া এলাকার আবদুর রাকিবের স্ত্রী।
ভোলাহাট থানার ওসি মাহবুব আলম বলেন, শিশু হাসান আলী রাস্তা পারাপারে সময় একটি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবার।
চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, সকালে রাস্তা পারাপারে সময় ধান বোঝাই ট্রাক্টর বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
