আলো ডেস্ক: ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যম পর্যবেক্ষণে ‘মিডিয়া মনিটরিং’ কমিটি গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)। চার সদস্যের কমিটিতে ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামানকে আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন- সিনিয়র সহকারী সচিব মো. আছলাম, গ্রন্থাগারিক বেগম নাছিমা আক্তার ও সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক। গত বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুক হক স্বাক্ষরিত কমিটি গঠনের অফিস আদেশে এসব তথ্য জানা যায়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ইত্যাদিসহ গণমাধ্যম পর্যবেক্ষণে এই মিডিয়া মনিটরিং কমিটি। এই কমিটি প্রতিদিন ইসিকে নিয়ে যেকোনো খবর, প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের কাছে প্রতিবেদন দাখিল করবে। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে-
১. কমিটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, ইউটিউব মনিটর করবে।
২. কমিটির সদস্যরা তাদের দায়িত্বাধীন নির্ধারিত মিডিয়ায় ২৪ ঘণ্টায় কী খবর ছাপানো বা প্রকাশিত হয়েছে, তা বেলা ১১টার মধ্যে কমিটির আহবায়কের নিকট রিপোর্ট করবে।
৩. আহবায়ক তা প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারবৃন্দের এবং সচিব মহোদয়ের নিকট উপস্থাপন করবেন।
৪. কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।
জানা গেছে, মিডিয়া মনিটরিং কমিটিই ইসির সংক্রান্ত খবর, প্রচার-প্রচারণা পর্যবেক্ষণ করবে তা নয়, মাঠ পর্যায়ে সব কর্মকর্তাকেও বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে।
এ ক্ষেত্রে দেশের যে স্থানে যে কোনো কিছু হলে তা কমিটিকে অবহিত করতে হবে। এতে আরও বলা হয়েছে, মাঠ কর্মকর্তাদের পাঠানো এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়- প্রতিনিয়ত নির্বাচন ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচারিত নির্বাচন ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কোনো তথ্য/ভিডিও কোনো কর্মকর্তার নজরে এলে তা মিডিয়া মনিটরিং কমিটিকে অবহিত করবেন।
