আলো ডেস্ক: নেত্রকোনায় আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করায় অপমান সইতে না পেরে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত শুক্রবার সকালে উপজেলার পাগলী গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্মহননকারী ছাত্রীকে বেশ কিছুদিন ধরে বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল মিয়া (২২) নানাভাবে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে শাকিল তার ফেসবুকে ওই ছাত্রীর কিছু আপত্তিকর ছবি পোস্ট দেন। এটি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি।
সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে আত্মহননকারী ছাত্রীকে হুমকি দেন শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেছে নেন ওই ছাত্রী। সে গত শুক্রবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বারহাট্টা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক মৃত্যূর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শাকিলের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে এখনও থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
