আলো ডেস্ক: ভাষাসৈনিক, বুদ্ধিজীবী, গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিককে দেখতে যান সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল সোমবার সকালে প্রতিমন্ত্রী আহমদ রফিকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর ইস্কাটনে তার বাসায় যান। তিনি এ সময় আহমদ রফিকের সঙ্গে কিছু সময় কথা বলেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসার খোঁজ-খবর নেওয়া ও দেখতে আসার জন্য আহমদ রফিক সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তার রচনাবলী (১ম খণ্ড) বাংলা একাডেমির মাধ্যমে প্রকাশের জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন। প্রতিমন্ত্রী আহমদ রফিক রচনাবলী (১ম খণ্ড) বাংলা একাডেমির মাধ্যমে আগামী দুই মাসের মধ্যে প্রকাশ করে আহমদ রফিকের আগামী জন্মদিনে (১২ সেপ্টেম্বর) উপহার হিসেবে দেবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় প্রতিমন্ত্রী আহমদ রফিকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। প্রতিমন্ত্রী জানান, আহমদ রফিক ভালো আছেন। তবে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে কে এম খালিদ বলেন, আহমদ রফিক একাধারে বরেণ্য ভাষাসংগ্রামী, বুদ্ধিজীবী, লেখক, প্রাবন্ধিক ও গবেষক। তিনি আমাদের রাষ্ট্রের একজন আলোকবর্তিকা। রাষ্ট্রের যে কোনো সংকটে তারাই আমাদের পথ নির্দেশ করেন, সঠিক পথ দেখান। ভাষা আন্দোলনসহ বাঙালির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার ভ‚মিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সৃষ্টিশীল লেখা ও গবেষণা ছাড়াও তিনি জাতীয় ক্ষেত্রে অনন্য ভ‚মিকা পালন করেছেন। এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসুস্থ আহমদ রফিকের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ আলতাফ হোসেন, বাংলা একাডেমির পরিচালক মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
