আলো ডেস্ক: ঢাকার সাভারের বলিয়ারপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ফারহানা নিপা (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
গত বুধবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান জানান, ফারহানা নিপা সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সাইন্স)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সাইন্স বিভাগের সাবেক শিক্ষার্থী।
তিনি জানান, দুর্ঘটনার পরপর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায়। মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ফারহানা। গত রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সেইফ লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজন টপকে পরমাণু শক্তি কমিশনের বাস ও একটি ট্রাককে ধাক্কা দেয়।
এ ঘটনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান আরিফ, পূজা সরকার, কাউসার রাব্বি, পরমাণু শক্তি কমিশনের বাসের চালক রাজিব হোসেন ও ঘাতক বাসের চালক নিহত হন।
