আলো ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও পুলিশের সঙ্গে বিহারিদের সংঘর্ষের ঘটনায় ৪৯ জনের নামে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই তন্ময় মন্ডল বাদী হয়ে মামলাটি করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার আদমজী জেনেভা ক্যাম্প এলাকার মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দেওয়ায় এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় হওয়া মামলায় রোববার রাত থেকে গত সোমবার ভোর পর্যন্ত ক্যাম্পে অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এর প্রতিবাদে সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকশ নারী-পুরুষ। একপর্যায়ে তারা সড়কের ওপর কাঠের টেবিল, চৌকি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পোশাক কারখানার শ্রমিকরা। তাদের সড়ক থেকে সরে যেতে আহবান জানায় পুলিশ।
তবে তারা সরে না গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও র্যাব একসঙ্গে লাঠিপেটা করে এবং শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আমির খসরু, পুলিশ সদস্য রিপন ও ইকরাম, বিহারী আবদুল হামিদ, মো. রনিসহ কমপক্ষে ২০ জন আহত হন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, শুক্রবার পুলিশের ওপর হামলায় ঘটনায় একটি মামলা হয়। ওই মামলায় আসামিদের গ্রেপ্তারের পর গত সোমবার ক্যাম্পের বাসিন্দারা পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে আরও একটি মামলা হয়েছে। এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
