আলো ডেস্ক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে (পরিচিতি নং ৫৩১২) অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) হিসেবে পদায়ন করেছেন।
ফলে দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ওই অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) পদে কোনো কর্মকর্তা পদায়িত না হওয়া পর্যন্ত অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
তিনি বিধিমতে দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আলমগীর মুহম্মদ মনসুরুল আলমকে ১৩ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
