আলো ডেস্ক: সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ দেশের যে সব অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেসব এলাকায় জরুরি ভিত্তিতে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি।
পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সব পর্যায়ের নেতাকর্মীসহ স্বচ্ছল ও বিত্তবান মানুষকেও দ্রুততার সঙ্গে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহবান জানাচ্ছি।’ বিএনপি মহাসচিব বলেন, ‘সিলেটের সুনামগঞ্জ এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে যাওয়ায় আমি উদ্বেগ প্রকাশ করছি। বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত অসহায় মানুষদের প্রতি আমি জানাচ্ছি গভীর সহমর্মিতা।’
তিনি দাবি করেন, ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর কোনও পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ সরকারের তরফ থেকে কোনও জরুরি তৎপরতা নেই।
জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোনও দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিষ্ক্রিয় ভ‚মিকা পালন করে। প্রসঙ্গত, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে সামরিক বাহিনীও ত্রাণ ও উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেছে।
