আলো ডেস্ক: এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি হজযাত্রী বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ জুন থেকে সৌদি আরবে হজ ফ্লাইট শুরু হয়েছে। গত রোববার পর্যন্ত ১৩ হাজার ১৩৫ জন হজযাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান ছাড়াও এবার হজযাত্রী পরিবহন করছে সৌদি আরবের ‘সৌদিয়া’ ও সৌদি ‘ফ্লাইনাস’। ঢাকার হজক্যাম্প সূত্রে জানা গেছে, এ তিনটি এয়ারলাইন্সে এখন পর্যন্ত দুই-তৃতীয়াংশ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাকিদের ফ্লাইট শিগগির হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিদেশি নাগরিকদের জন্য হজ বন্ধ ছিল।
