আলো ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শুকরিয়া আদায় করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর এ মোনাজাত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হক। দোয়া ও মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এর আগে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ও বন্যাদুর্গতদের জন্য গত শুক্রবার বাদ জুমা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এছাড়া বন্যাদুর্গতদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, সাতটি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
