আলো ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. সোহেল রানা সেলিম (৫৫) নামে এক মুদি দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্বশ্যামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল পূর্বশ্যামপুর গ্রামের মোমরেজ ব্যাপারীর ছেলে। তিনি সদরপুর উপজেলা হাসপাতাল মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী মারা যাওয়ার পর থেকে অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সোহেল। এ কারণেই তিনি নিজ ঘরে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, কিছুদিন আগে সোহেলের স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। পরে গতকাল শনিবার সকালে ঘরের জানালার গ্রিলের সঙ্গে লুঙ্গি পেঁচানো তার লাশ দেখতে পান স্থানীয়রা। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।
