আলো ডেস্ক: পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করেছে। গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ে কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা স্বপরিবারে যুক্ত হন। লাইভ স্ট্রিমিং শেষে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকী বলেন, দেশের আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতু প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনে আমরা সবাই অত্যন্ত আনন্দিত।
তিনি বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের নিয়োজিত সব দেশি-বিদেশি প্রকৌশলী, পরামর্শক, কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা তদারকিতে নিয়োজিত সেনাবাহিনী ও নির্মাণ শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে অক্লান্ত পরিশ্রমের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিজস্ব অর্থায়নের সেতু নির্মাণের ঘোষণা দেশের জনগণের কাছে বিপুল সমর্থন পেয়েছিল।
প্রধানমন্ত্রী সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ ও যুগোপযোগী সিদ্ধান্ত এবং জনগণের শক্তি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। আলোচনা শেষে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ওপর নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়। এ সময় হাইকমিশনার সবাইকে নিয়ে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে কেক কাটেন।
সবশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরা এবং দেশ ও জাতির সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে দূতালয় প্রাঙ্গণ ব্যানার ও পোস্টারে সজ্জিত করা হয়। আমন্ত্রিত অতিথিসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
