আলো ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের লালিত পদ্মা সেতু নির্মাণের জন্য তার প্রশংসা করায় ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়কে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভাষা, সংস্কৃতি ও আদর্শগত মিলের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করতে দুই বাংলার একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই। গত ১২ জুলাই মমতাকে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার চিঠির জন্য ধন্যবাদ।
আপনার আন্তরিকতা এবং সৌহার্দ্য আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনগণ পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে অনুরূপ একাত্মতা অনুভব করে।’ তিনি আরও লিখেছেন, আপনি (মমতা) এরইমধ্যে জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ অনুসরণ করে একটি আত্মনির্ভরশীল সোনার বাংলা গড়তে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে।
আমি বিশ্বাস করি যে, এই সেতু পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতের সাথে বাংলাদেশের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।
মমতা বন্দোপাধ্যয়কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আশা করি ২০২২ সালের সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লী সফরের সময় আপনার সঙ্গে দেখা করার একটি সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে মমতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন।
