আলো ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় জুলফিকার আলী আলাল (৪৭) নামে এক শারীরীক প্রতিবন্ধী প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাচড়া গ্রামের গিয়াস উদ্দিন মাস্টারের ছেলে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে তার গ্রামের বাড়িতে তার মরদেহ পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
অভিযোগ করা হয়েছে যে, ১৪ জুলাই বিকেলে গ্রামের মাঠে প্রতিবেসী হাসু মিয়ার ছাগল প্রতিবন্ধী আলালের ধানখেত বিনষ্ট করলে আলাল হাসুর ভাতিজা বাদলকে দেখতে পেয়ে তাদের ছাগল বেঁধে রাখতে বলে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির সূত্রপাত ঘটে। এর জের ধরে বাদলের চাচা বাচড়া দেওয়ানপাড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে হাসু (৩০), টুটুল (২৭) ও শহীদ (২৪) ঘটনাস্থলে এসে আলালকে বেদম মারপিট করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে ঘটনার পরদিন ১৫ জুলাই আহত আলালের ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে ওই তিন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এখন মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
