আলো ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলকে অনুরোধ জানিয়ে আসছি। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিবন্ধিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে এমন কথা জানান সিইসি।
দলটির আমীর হযরত মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন। এ ছাড়া ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার কমিশনারও এ সংলাপে উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছি। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে অনুরোধ করে যাচ্ছি। তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকছে, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় নির্ধারণে আপনারাও ভূমিকা রাখবেন। অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশা।
সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আপনাদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আমরা সবার পরামর্শ ও মতামত জানার জন্য চেষ্টা করছি। সিইসি বলেন, সংসদ নির্বাচন একটি কঠিন ও জটিল কর্মযজ্ঞ। সবার আন্তরিকতা থাকলে এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞ অসাধ্য নয়। সিইসি বলেন, অনেক সীমাবদ্ধতা আছে। সব অংশীজনের প্রতিশ্রুতি থাকতে হবে।
কমিটমেন্ট থাকতে হবে যে-তারা নির্বাচনকে সহযোগিতাপূর্ণভাবে অনুষ্ঠানের সুযোগ করে দেবেন। নির্বাচন কালীন সরকারের ভূমিকাও হবে অনেক গুরুত্বপূর্ণ। যদিও বিষয়টি কেউ বলছে- নির্বাচনকালীন সরকার,তত্ত্বাবধায়ক সরকার। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের সময় যে সরকার থাকবে, সে সরকার আমাদের সহায়তা করবে। সেটি সরকারের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ দায়িত্ব হবে।
সিইসি আরও বলেন, কমিশন তার দায়িত্ব ও ক্ষমতা সংবিধান, আইন ও বিধির আলোকে প্রয়োগ করবে। আপনারা আমাদের যে দায়িত্বের কথা বলেছেন, সেগুলো আমরা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আপনাদের লিখিত, মৌখিক মতামত পেয়েছি। এটা আমরা পরবর্তীতে পর্যালোচনা ও বিবেচনা করবো অবশ্যই।
তিনি আর বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো এমন কঠিন ও জটিল কর্মযজ্ঞে সবার আন্তরিকতা প্রয়োজন। আমাদের সহকর্মীরাও বলেছেন যে, আল্লাহর রহমত ও দয়া যদি না থাকে আমাদের জন্য বিষয়টি কঠিন হবে। কাজেই আমাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, যেনো আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে এবং আল্লাহর দিকে তাকিয়ে পালন করতে পারি।
