আলো ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় একটি পুকুর থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় একটি পুকুরে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের হাত-পা এবং কোমরে ইট বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে কোমরে ইট বেঁধে ডুবিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
