আলো ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে মোসলেহ উদ্দিন খলিফার বাড়িতে এ ঘটনা ঘটে। জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে এবং হাজিরহাট মিল্লাত একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। স্বজনরা জানান, জোবেদা সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। দীর্ঘ সময় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে সবাই। একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন তার লাশ উদ্ধার করে। জোবেদা মৃগীরোগে আক্রান্ত ছিল। এ কারণে সে পুকুরে পড়ে যেতে পারে বলে ধারণা স্বজনদের। কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।
