আলো ডেস্ক: বিএনপি নেতাদের নমিনেশনের যতটা চিন্তা আছে, নমিনেশন পেলে কীভাবে জয় আসবে তা নিয়ে ততটা চিন্তা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসতে পারে; এই কনফিডেন্সটাই আন্দোলনের অনেক ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আত্মসমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা দলের মধ্যে প্রতিযোগিতায় আছি, কীভাবে নমিনেশনটা নিশ্চিত করতে পারি। অর্থাৎ কীভাবে আমি মনোনয়ন লাভ করবো সেটা নিয়ে দুশ্চিন্তা, পাস করা নিয়ে দুশ্চিন্তা নেই।
নেতা-কর্মীদের নির্বাচনে যাওয়া-না যাওয়া নিয়ে সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যদি নির্বাচন না যাই, এই সরকারকে কে রাখবে? ভারত? আমরা নির্বাচনে যাবো না এই সিদ্ধান্ত যদি সঠিক হয় এবং আমরা একে মনে-প্রাণে বিশ্বাস করি; তাহলে পাশাপাশিই নির্বাচন করতে দিবো না সেই বক্তব্যও থাকতে হবে। ‘আওয়ামী লীগ যা বলে, তা করে না’ মন্তব্য করে গয়েশ্বর আরও বলেন, আমাদের মতো শীর্ষ পর্যায়ের নেতারা বিশ্বাস করে, আওয়ামী লীগ আর কোনও ভুল করবে না।
তাদের দিক থেকে স্বীকারোক্তিও এসেছে যে, সরকার বিদেশিদের চাপে আমাদের মিটিং-মিছিলে ঝামেলা করছেন না, হামলা করছে না। তাহলে আমাদের কর্মীরা মরলো কেন? আমাদের কারণেই সাধারণ মানুষ কনফিউজড হয়। বিএনপি’র এই সিনিয়র নেতা অভিযোগ করে বলেন, জনগণ আজ শোষিত, তারা এক যুগ ধরে অধিকারবিহীন।
এই শোষণ কীভাবে হচ্ছে? জনগণের টাকা লুটপাট করে। এই যে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এসব টাকা জনগণের। বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম।
