আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডালিম ইসলাম (৩৫) নামে এক যুবককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডালিম ইসলাম বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কানসাটগামী লক্ষীনারায়নপুর মোড়ে অভিযান চালিয়ে ডালিম ইসলামকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
