আলো ডেস্ক: নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী আসমা সুলতানা আশরাফের (৪৫) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আসমাসহ তার তিন কর্মী ফারুক আলী, আনিস মিয়া ও ইউসুফ হোসেন নয়ন আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাও মোড়ে এ ঘটনা ঘটে। আসমা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কৃষক পার্টির আহবায়ক।
আহত প্রার্থী আসমা সুলতানা আশরাফ বলেন, তিনি গত বৃহস্পতিবার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারের কাজ করছিলেন। সন্ধ্যায় তিনি পাঁচগাও মোড়ে একটি স্টলের সামনে বসে চা খাচ্ছিলেন। তাকে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়েকজন ইউপি সদস্য তার সঙ্গে কথা বলছিলেন। এ সময় প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনারস মার্কার লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ তার তিন কর্মী আহত হন।
এসময় হামলাকারীরা একটি ক্যামেরা, মোবাইল ও প্রার্থীর হাতের চুড়ি ছিনিয়ে নিয়ে যান বলেও তিনি দাবি করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তারা এসে উদ্ধার করলে আহত আসমাসহ তার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট অসিত সরকার সজল বলেন, গত বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভোটারদের সঙ্গে আমার মতবিনিময় ছিল। আমরা মিটিং করে চলে আসার পর রাতে শুনেছি, উনি ওই এলাকার ভোটারদের হলুদ খামে করে টাকা দিচ্ছিলেন।
এ সময় এলাকার কয়েকজন বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। তবে আমাদের কোনো লোক এই কাজ করেনি। এ বিষয়ে কলমাকান্দা থানার এসআই মো. শহীদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি। তবে সেখানে পৌঁছে প্রার্থী আসমা সুলতানা আশরাফের প্রতিপক্ষের বা হামলাকারীদের কাউকে পাইনি।
