আলো ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)।
বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
