আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেখানে আমাদের হাত পেতে চলতে হতো, সেখানে এখন আমরা অন্য দেশকে সহযোগিতা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সেই জায়গায় নিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে নৌপুলিশের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, ইলিশ উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ প্রথম। সবাই মিলে চাঁদপুরের ইলিশ সম্পদ রক্ষা করতে হবে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় পুলিশ কাজ করছে। তাদের ওপর হামলা দুঃখজনক। এটি দÐনীয় অপরাধ। তিনি আরও বলেন, দেশের সম্পদ বিনষ্টে জড়িতদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আনতে হবে।
কারণ, আগে রাষ্ট্রের সম্পদ রক্ষা করা জরুরি। জেলেদের পেছনে যেসব প্রভাবশালী বা বিত্তশালীরা রয়েছে, তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মানবাধিকারের বিষয়ে দীপু মনি বলেন, এত বড় বড় দেশ আমাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। অথচ মানবাধিকার কাউন্সিলে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এটি কেউ দয়া করে দেয়নি। এটি বাংলাদেশের যে অবস্থান, সম্মান, বাংলাদেশ দুর্নীতি দমনে, সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে যে বলিষ্ঠ ভ‚মিকা পালন করেছে এবং জনগণের ক্ষমতায়নে যে ভ‚মিকা রেখেছে সেই কারণে। বাংলাদেশ নৌ পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম বলেন, ইলিশের বাড়ি চাঁদপুর এটা গর্বের বিষয়। এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। সরকার কারও কাছে মাথা নত করে না। সরকার তার আইন বাস্তবায়নে কঠোর।
মা ইলিশ রক্ষায় সরকার কোটি কোটি টাকা খরচ করছে। পুলিশ সরকারের আইন বাস্তবায়ন করে। আগামীতে শুধু জেলে নয়, যারা তাদেরকে নদীতে পাঠায় তাদেরচিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তাই এখনও সময় আছেম সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা প্রভাব পড়বে না। শিক্ষামন্ত্রী বলেন, করোনা টিকাগ্রহণের সাফল্যে বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের বেশিরভাগ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি। এখন ৫-১১ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে।
মাঝে মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। কারণ তারা এরইমধ্যে টিকা নিয়েছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি। তবে টিকা দেওয়া থাকুক বা না থাকুক আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। পরে পদ্মা ও মেঘনায় নৌপুলিশের উদ্যোগে আয়োজিত নৌ র্যালিতে অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে আলোচনা সভায় নৌপুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
