আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় ৪ পুলিশ সদস্য আহত
আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাছ চুরি মামলার আসামি ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- গোমস্তাড়পুর থানার এসআই শওকত আলী, শাহরিয়ার হোসেন, কনস্টেবল সাজ্জাদ আলী ও শাহরিয়ার। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন গ্রামে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এসআই শওকত আলী ও শাহরিয়ার হোসেনের নেতৃত্বে দুইজন কনস্টেবল সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামনুর রশিদের দায়ের করা মাছ চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে গেলে স্থানীয়রা হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। তবে, তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন কনস্টেবল সাজ্জাদ আলী (২৫)।
তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
