বয়স ৪১ হয়ে গেলেও তিনি জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে আত্মবিশ্বসীও ছিলেন। কিন্তু বাস্তবে সেগুলোর কিছুই হয়নি। আইপিএলে কোনোমতে সুযোগ পেয়েছিলেন। এই ফাঁকে হরভজন সিং একটি সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন! সেই তামিল সিনেমার নাম ‘ফ্রেন্ডশিপ’। কিন্তু হরভজনের অভিনয়কে বেছে নেওয়া পছন্দ হয়নি তার স্ত্রী গীতা বসরার। তার মতে, অভিনয় করা হরভজনের কাজ নয়।
এক সাক্ষাৎকারে হরভজন বলেছেন, ‘দুই বছর আগেই আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি হব কিনা সেটা ভাবতে তিন-চার মাস সময় নিয়েছিলাম। অতিমারির সময় সবকিছু বন্ধ ছিল। তাই সিনেমার শুটিং শেষ হতেও দেরি হয়েছে। তবে অভিনয় করে মজা পেয়েছি। এর আগেও অনেক প্রস্তাব এসেছে আমার। পাঞ্জাবি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন ভারতের হয়ে খেলতে ব্যস্ত ছিলাম। এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, শুধু আইপিএলে খেলি। তাই রাজি হয়ে যাই।’
হরভজন বলেছেন, নিজের স্ত্রীর সঙ্গে অভিনয়ের ব্যাপারে তার বিশেষ কোনো কথা হয়নি। তবে বিষয়টা পছন্দ করেননি গীতা। হরভজনের ভাষায়, ‘সিনেমার ব্যাপারে ওর দৃষ্টিভঙ্গি অনেক আলাদা। সে শুধু আমাকে বলেছিল, কেন আমি অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি। কারণ অভিনয়টা আমার আসল কাজ নয়। আমি বলেছিলাম, চেষ্টা না করে দেখলে বুঝব কীভাবে? তাই চেষ্টা করি এবং বুঝি যে, এটা খুব একটা কঠিন কাজ নয়। ক্রিকেটে কোনো রিটেক নেই। কিন্তু সিনেমায় ভুল শোধরানোর সুযোগ থাকে।’
সূত্রঃ কালেরকন্ঠ
