আলো ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে ধরঞ্জী হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করা হয়। এ সম্মেলনে জেলা-উপজেলাসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত হন।
সম্মেলন উদ্বোধনের সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনকালে বিএনপির পদবঞ্চিত একটি গ্রæপ সম্মেলন মঞ্চের পেছন থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হওয়া মাত্র আগত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি করে। পরে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সম্মেলনস্থল থেকে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম বলেন, আমরা সম্মেলন শুরু করার মুহূর্তে দুর্বৃত্তরা মঞ্চের পেছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ কারণে নেতাকর্মীরা ভয়ে দিগি দিক চলে যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির একটি পদবঞ্চিত গ্রুপ সম্মেলনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তবে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মহিদুল ইসলাম রাজিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, যুবদল নেতা মহিদুল ইসলাম রাজিব, যুবদল কর্মী শামীম হোসেন, নুর মোহাম্মদ টিটো ও শফিকুল ইসলাম। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার রাতে জেলা যুবদল নেতা মহিদুল ইসলাম রাজিবের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় মামলার পর গতকাল শনিবার গ্রেপ্তার যুবদল নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
