আলো ডেস্ক: সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মামলা করেছে বিএনপি। গত সোমবার দুপুরে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শরীফ উদ্দিন সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতে এ মামলার আবেদন করেন। এরপর গতকাল মঙ্গলবার দুপুরে মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছেন দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান।
এ মামলার আসামিদের মধ্যে আছেন কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবু প্রমুখ। মামলা সূত্রে জানা যায়, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে ১৮ নভেম্বর কামারখন্দে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, ছুরি, হকিস্টিক, ইট, পাথর, লাঠিসোটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আরও জানা যায়, হামলার সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ ও সাবেক সংসদ সদস্য পাপিয়াকে হত্যার উদ্দেশে গুলি করা হয়। পরে তারা কৌশলে সরে প্রাণে বেঁচে যান।
পরে আসামিদের এলোপাথাড়ি হামলায় সাবেক এমপি রুমানা মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলায় পাঁচটি মোটরসাইকেল ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে প্রায় নয় লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। অন্যদিকে এ ঘটনায় শুক্রবার রাতে বিএনপির ২৬ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে কামারখন্দ থানায় মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা।
