স্টাফ রিপোর্টার
রাজশাহী সাতটি থানায় বিএনপির সহস্রাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিস্ফোরক আইনে এসব মামলা দায়ের করা হয়। সোমবার (২১ নভেম্বর) দিনে এবং রাতে দায়ের করা হয় দুটি মামলা।
সবমিলি গত ৪-৫ দিনে জেলার পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, মোহনপুর, গোদাগাড়ী, বাঘা, এবং পবার কাটাখালি থানায় এসব মামলা দায়ের করা হয় বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বাগমারা থানা সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর বিএনপির সাতজন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ থেকে ১৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। থানার এসআই আবু জাহেদ শেখ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
এদিকে সোমবার দুর্গাপুর থানার এসআই জাহাঙ্গীর আলী বাদী হয়ে বিএনপির ১৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫০/১৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জেলার পুঠিয়া থানা পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫৯/১৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল আলম সমাপ্ত দাবি করেন, জেলার সাতটি থানায় পুলিশ বিস্ফোরক আইনে এক হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এইসব মামলায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে। আগামী ৩ ডিসেম্বর ব্যাংকের গণসমাবেশকে কেন্দ্র করে এসব মামলা দেয়া হচ্ছে। কয়েকজনকে গ্রেপ্তার করাও হয়েছে।
