আলো ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে ২০ কিলোমিটার বিদ্যুতের লাইন মাটির নিচে নেওয়ার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘ধানমন্ডি আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের’ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) আওতাধীন এলাকায় ‘আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নির্মাণ’ শীর্ষক এক প্রকল্পের আওতায় ধানমন্ডিতে এ কার্যক্রম শুরু হয়েছে।
এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ লাইনকে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় রূপান্তর করা হবে। বাংলাদেশ-চীন জিটুজি স্কিমে দুই বিলিয়ন ডলার ব্যয়ে ডিপিডিসির আওতাধীন এলাকায় আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ধানমন্ডি এলাকার ২০ কিলোমিটার ওভারহেড বিদ্যুৎ বিতরণ লাইনকে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনায় রূপান্তর করতে ৫৩ মিলিয়ন ডলার ব্যয় হবে। আগামী ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ও ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদসহ করপোরেশন ও ডিপিডিসির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
