আলো ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর বিলপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও তার স্ত্রী আম্বিয়া বেগম (৬৫)। বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুজন। প্রতিদিন তারা সকালে ঘুম থেকে ওঠেন। কিন্তু গতকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের বাড়ির নেপাল শেখ নামের এক বৃদ্ধ খোঁজ নিতে গিয়ে দেখেন আম্বিয়া বেগম বারান্দায় চকির ওপর চটের বস্তা গায়ে দিয়ে এবং নাজিম উদ্দিন বারান্দায় চকির নিচে শুয়ে আছে।
কাছে গিয়ে দেখেন তারা মৃত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। ওসি আরও বলেন, দম্পতির নাতবউ ১৫ নভেম্বর আত্মহত্যা করে। এ ছাড়া তিন বছর আগে নাজিম-আম্বিয়া দম্পতির ছেলে কামরুজ্জামানও আত্মহত্যা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে তারা আত্মহত্যা করতে পারে।
আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
