আলো ডেস্ক : জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, উত্তেজনাকর পরিস্থিতিতে একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার বক্তব্য কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত করেছে। তিনি প্রতিমন্ত্রী হিসেবে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, তাই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই মন্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কেউ যদি রাষ্ট্রধর্ম বাতিল করতে চায়, জাতীয় পার্টি তা আনচ্যালেঞ্জ ছেড়ে দেবে না। এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করলেই সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এক প্রতিমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের সঙ্গে সাম্প্রদায়িক হামলার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।
