আলো ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চৌমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মেরিরহাট গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যৎ সরকার (৪২), বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল।
পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা বলেন, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
