আলো ডেস্ক: বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে সুন্দরবন পরিদর্শন করেছেন বাংলাদেশে কর্মরত সাত দেশের সামরিক প্রতিনিধি দল। গতকাল সোমবার বিলাসবহুল প্রমোদতরী সানওয়ে ক্রুজে সুন্দরবনের বিভিন্ন অংশে ঘুরে দেখেন তারা। পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিলাসবহুল প্রমোদতরী সানওয়ে ক্রুজে করে আসা সাত দেশের সামরিক প্রতিনিধি দল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে নামে।
এরপর তারা করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। তাদের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। তিনি আরও বলেন, সামরিক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিমান বাহিনীর এয়ার কমোডোর রাফি। করমজল পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সুন্দরবনের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রে যায়।
সুন্দরবন পরিদর্শনে আসা এ সামরিক প্রতিনিধিদলের সদস্যরা হলেন- অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরলি সিনক্লেয়ার, ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ ও তুরস্কের কর্নেল এরদাল সাহিন।
এর আগে গত রোববার সামরিক এ প্রতিনিধিদল গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করে।
