আলো ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কুড়ালের কোপে আকলিমা বেগম (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে রকিবুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার আবদুর রশিদের স্ত্রী। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের অপর ছেলে রাহাত মিয়া বলেন, গত মঙ্গলবার রাতে মা ঘরের লাইট বন্ধ করে শুয়ে ছিলেন। রাত ১১টার দিকে ছোট ভাই রাহুল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। এ সময় পরিবারের অন্যরা ছুটে এসে মাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাহাত মিয়া আরও বলেন, গ্রেপ্তার রকিবুল হক এইচএসসি পাস। দুই থেকে আড়াই বছর আগে বাড়ির জায়গা বিক্রি করে রকিবুল হক সেনাবাহিনীতে চাকরির জন্য ৭ লাখ টাকা দেন স্থানীয় এক দালালকে। চাকরি না হওয়ায় দালাল পালিয়ে যান। পরে ওই ৭ লাখ টাকা আর ফেরত পাননি রাকিব। এরপর থেকে রাকিব পাগলের মতো আচরণ করেন। এলোমেলো ঘোরাফেরা করেন।
তার অনেক চিকিৎসা করালেও আর ভালো হননি। ওসি মোস্তাছিনুর রহমান বলেন, রাকিব কিছুটা মানসিক রোগী। সে আবোল তাবোল কথা বলছে। কখনো বলছে আদেশ হয়েছে তাই মাকে মেরে ফেলেছি আবার কখনো তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা অস্বীকার করছেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
