আলো ডেস্ক: পাটকে কৃষিপণ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি মন্ত্রণালয়। পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে জারি করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের গেজেট জারি করা হয়। গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে এবং অনেক সম্ভাবনা তৈরি হয়েছে।
এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এখন থেকে পাট হবে কৃষিজাত পণ্য। পাট উৎপাদনে উৎসাহ যাতে বেশি দেওয়া যায়, সে জন্য প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে- এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষি ঋণ প্রাপ্তিসহ রপ্তানির ক্ষেত্রে সুযোগ-সুবিধা দেওয়া হবে।
