আলো ডেস্ক: রেকর্ড পরিমাণে বরাদ্দ কমছে চলতি অর্থবছরের (২০২২-২৩) বার্ষিক উন্নয়ন বাজেটে (এডিপি)। চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ ছিল দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে সাড়ে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ কমে তা হয়েছে দুই লাখ ২৭ হাজার কোটি টাকা। তবে এই বরাদ্দের মধ্যে এক লাখ ৬২ হাজার ৭২৯ কোটি ৮০ হাজার টাকা বরাদ্দ ১০টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য। যা মোট বরাদ্দের প্রায় ৭৩ শতাংশ (৭২ দশমিক ৭৪ শতাংশ)।
গতকাল বুধবার (১ মার্চ) শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভায় বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ১০টি মন্ত্রণালয় ও বিভাগ। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। এনইসি সভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগে ৩৯ হাজার ৫৬৩ কোটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ২৯ হাজার ৮৯৬ কোটি, বিদ্যুৎ বিভাগে ২৫ হাজার ২৪৬ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ১২ হাজার ২৪৩ কোটি, পানিসম্পদ মন্ত্রণালয়ে ১১ হাজার ৩৩২ কোটি, স্বাস্থ্য সেবা বিভাগে ৯ হাজার ৭৮০ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৭ হাজার ৭৮৪ কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ৭ হাজার ২১৮ কোটি এবং সেতু বিভাগে ৭ হাজার ৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে সংশোধিত এডিপিতে। এদিকে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৫ হাজার ৩০ কোটি ৯ লাখ টাকা থোক বরাদ্দ রাখা হয়, যা মূল এডিপি বরাদ্দের ১ দশমিক ৯৬ শতাংশ।
এনইসি সভা জানায়, ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে মোট ১ হাজার ৪৪১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৫০টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প ৮৫টি। এ ছাড়া ৬৩৩টি অননুমোদিত বরাদ্দবিহীন বিনিয়োগ প্রকল্পের একটি তালিকা, বৈদেশিক অর্থায়ন প্রাপ্তির সুবিধার্থে ১৫০টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা এবং স্বায়ত্তশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৬টি অননুমোদিত বরাদ্দবিহীন প্রকল্পের একটি তালিকা ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে সংযোজিত রয়েছে।
এসব প্রকল্প অনুমোদন লাভের পর নতুন অনুমোদিত প্রকল্পসমূহে বরাদ্দ প্রদানের জন্য ২০২২-২৩ অর্থবছরের মূল এডিপিতে ১৫টি সেক্টরের অনুক‚লে ‘থোক বরাদ্দ’ বাবদ রাখা হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের অনুক‚লে ৫টি উন্নয়ন সহায়তা বাবদ মোট ২ হাজার ৬৫০ কোটি টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে ৩টি উন্নয়ন সহায়তা বাবদ মোট ৪৬০ কোটি টাকা, বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) বাবদ মোট ১০০ কোটি টাকা এবং ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ বাবদ মোট ১ হাজার ১৫৯ কোটি টাকা রাখা হয়েছে। ১০টি উন্নয়ন সহায়তা খাতে সর্বমোট ৪ হাজার ৩৬৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা মোট এডিপি বরাদ্দের ১ দশমিক ৭১ শতাংশ।
