আলো ডেস্ক: চাকরিরত অবস্থায় ২০২২ সালে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মধ্যে ২৯১ জন বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১২১ জন পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
গতকাল বুধবার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) মাজহারুল ইসলাম। অতিরিক্ত আইজিপি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য প্রতিবছরই মারা যান।
বাংলাদেশ পুলিশের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অগ্রাধিকার দিয়ে থাকেন। তার নির্দেশেই পুলিশ সদস্যদের জন্য পুলিশ কল্যাণ ট্রাস্টসহ নানা রকম কল্যাণমূলক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সে জন্য তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানাই।
এর আগে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্টাফ কলেজে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
