আলো ডেস্ক: যশোরের শার্শায় ১৩টি সোনার বারসহ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) নামে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। কামরুজ্জামান কুদরত উল্লাহ সর্দারের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এ সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩টি সোনার বার পাওয়া যায়।
যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩২ লাখ টাকা। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
