আলো ডেস্ক: বিভিন্ন এনজিও’র রেজিস্ট্রেশন পেতে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চার দেশের রাষ্ট্রদূত। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, শ্রমিকদের অধিকার, আন্তর্জাতিক পরিমÐলে কমিশনের মর্যাদা এবং ইউনিভার্সাল পিরিওডিক রিভিউতে কমিশনের প্রতিবেদন প্রণয়ন, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন সম্পর্কেও মতামত ব্যক্ত করেছেন তারা।
গতকাল মঙ্গলবার দুপুরে তারা রাজধানীর কাওরান বাজারের কমিশন কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূতরা এসব উদ্বেগ ও মতামত ব্যক্ত করেছেন। রাষ্ট্রদূতরা হলেন-সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ড্রা ভন লিন্ডে, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসডুপুই, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার ও নেদারল্যান্ডসের এ্যান জেরারড ভ্যান লিউয়েন। জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কমিশনের কার্যক্রম ও অগ্রাধিকার সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন রাষ্ট্রদূতরা।
একইসঙ্গে বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে এসকল দেশ জাতীয় মানবাধিকার কমিশনকে কীভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও তারা কমিশনের মতামত জানতে চান। কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বর্তমান কমিশনের অগ্রাধিকার সম্পর্কে তাদের অবগত করেন। ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ১২টি বিষয়ভিত্তিক কমিটির মাধ্যমে মানবাধিকারের সকল বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করছে। আসন্ন নির্বাচন স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে তিনি বলেছেন, সাংবাদিকদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপপ্রচার করে হয়রানির বিষয়ে কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যে সরকার ওই অ্যাক্ট রিভিউ করবে বলে আশ্বাস দিয়েছে। আমরা প্রয়োজন হলে এ বিষয়ে অ্যাডভোকেসি করবো। বিভিন্ন এনজিওর রেজিস্ট্রেশন পেতে বিলম্ব হয় বলে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা।
এ বিষয়ে কমিশন চেয়ারম্যান তাদেরকে জানান বিভিন্ন বেসরকারি সংস্থা মানবাধিকার সুরক্ষার নামে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে। এজন্য আমাদেরকে আদালতের শরণাপন্নও হতে হয়েছে। এজন্য যাচাই করে রেজিস্ট্রেশন দেওয়ার প্রয়োজন হয় বিধায় একটু বিলম্ব হতে পারে। এসময় সভায় কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব নারায়ণ চন্দ্র সরকার, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক এবং উপপরিচালক ফারহানা সাঈদ উপস্থিত ছিলেন।
