আলো ডেস্ক: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে ছেলের আত্মহত্যা সইতে না পেরে নিজেও আত্মহত্যা করেছেন মা বিউটি খাতুন বছিরন। ৩ সন্তানের জননী বছিরন ভবরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগার একটি আম গাছের ডাল থেকে বছিরনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বছিরনের ছোট ছেলে রাসেল (১৮) বাড়ির কাজ-কর্ম নিয়ে অভিমানে ১০ দিন আগে বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মেহেরপুর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় মেহেরপুর শহরে পৌঁছানোর পরই তার মৃত্যু হয়। এদিন রাত ১০টার দিকে ভবরপাড়া গ্রামে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে রাসেলের দাফন সম্পন্ন হয়। এদিকে দাফনের পরই তার মা বছিরন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
পরে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগার একটি আমগাছের ডাল থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় বছিরনের ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। এ সময় মুজিবনগর থানা পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মেহেদী রাসেল জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
