স্টাফ রিপোর্টার
বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই অধিক জনসংখ্যার পুষ্টি চাহিদা মিটানোর জন্য সারা বছরই আমাদের শাকসবজি চাষ ও সংরক্ষণ করা প্রয়োজন। এ লক্ষে কৃষকের উৎপাদিত ফল ও শাকসবজি সংরক্ষনের জন্য রাজশাহী জেলার পুঠিয়ায় চার মেট্রিকটন ধারণক্ষমতার মিনি সংরক্ষনাগারের (হিমাগার) উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ। গত রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা তিনটায় উপজেলার শিবপুর এলাকায় নির্মিত এই সংরক্ষনাগারের উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেশের প্রথম ফল ও শাকসবজি সংরক্ষণের জন্য এই মিনি হিমাগারটি নির্মাণ করা হয়েছে। এতে আম, টমেটো, গাজর, ড্রাগন ফ্রুট, ক্যাপসিকাম প্রভৃতি ৩০-৬০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
এ উপলক্ষে ‘সীমান্ত অবকাশে’ একটি মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ। এতে স্বাগত বক্তব্য দেন উপপরিচালক মো. কে জে এম আবদুল আউয়াল এবং কারিগরি বিষয়ে বক্তব্য দেন প্রকল্পের পরিচালক এস এম হাসানুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব শামসুন নাহার ভুঁইয়া ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তম্ময় সরকার প্রমুখ।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সি, উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র, হর্টিকালচার সেন্টার, কৃষি তথ্য সার্ভিস, ধান গবেষণা, এসআরডিআই, ফল গবেষণা, গম ও ভুট্টা গবেষণা, লাক্ষা গবেষণা, বিনা, বিএডিসি, বিএমডি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।
