আলো ডেস্ক: গাজীপুর সিটির উন্নয়নের জন্য সবার সহযোগিতায় মা-ছেলে একত্রে কাজ করবেন বলে জানিয়েছেন সদ্য বিজয়ী মেয়র জায়েদা খাতুন। তিনি বলেন, গাজীপুরবাসী আমাকে বিজয়ী করেছে- এ ঋণ শোধ করবো এলাকার কাজের মাধ্যমে।
এটা আমি একা করতে পারব না। আমার ছেলেকে সাথে নিয়ে ছেলের বাকি কাজগুলো করব। মেয়র পদে বিজয়ের পর গত বৃহস্পতিবার রাতে নগরীর ছয়দানা এলাকায় বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ৬১ বছর বয়সী জায়েদা।
এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে ‘দেয়াল ঘড়ি’ মার্কা নিয়ে জয় পাওয়া জায়েদা গাজীপুর সিটির ভোট সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আমার বিজয়টাকে গাজীপুর নগরীর মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। তিনি আরও বলেন, আমার ছেলে নিরপরাধ।
আমার ছেলের সত্য প্রমাণ করার জন্য ভোটে দাঁড়িয়েছিলাম। এখন শহরের উন্নয়নমূলক যে কাজগুলো করবো তা আমার ছেলেসহ সকলের সহযোগিতা নিয়েই করবো। এমনকি এসব কাজে প্রয়োজনে তিনি নির্বাচনে তার নিকটতম প্রার্থী আজমত উল্লার পরামর্শ ও সহযোগিতা নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তাকে মানুষ কিরকম ভালোবাসে তার প্রমাণ করার জন্যেও তিনি এবারের ভোটে দাঁড়িয়েছিলেন বলে জানান জায়েদা। এ সময় সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমার মা আমার শিক্ষকের মতো, আমার সকল কাজে উনি পরামর্শ দিয়েছেন, দেখভাল করেছেন। আজ আমি মেয়রে নেই কিন্তু উনি মেয়র পদে বিজয়ী হয়েছেন।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় মায়ের কাজে যতরকমের সহযোগিতা দরকার আমি তার পাশে থেকে করব। বিগত সময়ে জনপ্রতিনিধি হিসেবে আমার যে অভিজ্ঞতা আছে তা কাজে লাগিয়ে আমি আমার মাকে সার্বিকভাবে সহযোগিতা করতে আমি প্রস্তুত।
