আলো ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলায় সেতু নির্মাণকালে রাস্তা ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)।
আহতরা হলেন- ফরিদপুরের কোতোয়ালি থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি সুব্রত গোলদার। তিনি বলেন, সদরপুরের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি সেতু নির্মাণ কাজ চলাকালে এর পাশের রাস্তার মাটি লেবারদের ওপর ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
এ ছাড়া আহত হন অপর চার নির্মাণশ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছেও বলে জানান তিনি।
