আলো ডেস্ক: রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে এক নারী ও কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ দুইটি ঘটনাই হত্যাকাÐ বলে ধারণা করছে পুলিশ। গতকাল বুধবার সকালে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে হাসিব (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ।
নিহত হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন। অন্যদিকে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের রাশিদার বাবার বাড়ি থেকে থেকে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়।
এরপর সন্ধ্যায় সে আর বাড়িতে ফিরে আসে না। পরে তার বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ সেই ডায়রির তদন্তে গতকাল বুধবার সকাল ৭টার দিকে হাসিবের লাশ উদ্ধার করে। ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাসিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে জমির একটি দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদার বাবার বাড়িতে গিয়ে ইট দিয়ে তাকে আঘাত করেন স্বামী আব্দুল।
ইটের আঘাতেই রাশিদার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় রাশিদার স্বামী পলাতক রয়েছেন। রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান জানান, দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুইটি ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে অনেক কিছুই জানা গিয়েছে। সেগুলো পরে জানানো হবে।
